Showing posts with label Ghanada. Show all posts
Showing posts with label Ghanada. Show all posts

Thank You !


কৈফিয়ত ও কৃতজ্ঞতা স্বীকার

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।



ছিল ফেসবুক গ্রুপ । নিল এই ব্লগ রূপ ।
From 'Manoranjan Museum' Blog
ফেসবুক গ্রুপের কভার-চিত্র :
https://www.facebook.com/groups/manoranjan.museum/



৩০ শে আগস্ট ২০১৫ ।

ইন্টারনেটে সংরক্ষিত ‘রামধনু’ পুঁজি করে ফেসবুক-এ ‘মনোরঞ্জন মিউজিয়ম’ গ্রুপ গঠন করা গেল ।

উদ্দেশ্য, পত্রিকার হারানো পৃষ্ঠা থেকে মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার প্রথম প্রকাশিত রূপ ও অলংকরণ সাজানো ।

ইতিপূর্বে প্রেমেন্দ্র মিত্র মহাশয়ের ঘনশ্যাম দাস-কে ঘিরে
‘ঘনাদা গ্যালারি’ (http://ghanada.wix.com/ghanada-gallery) 
নামক অনুরূপ একটি ওয়েবসাইট করা গিয়েছিল ।

‘মনোরঞ্জন মিউজিয়ম’-এর শূন্যস্থানগুলো ভরতে আর তথ্য-পরামর্শ দিয়ে সমৃদ্ধ করতে স্বেচ্ছায় উদ্যোগী হলেন :
শ্রী সোমনাথ দাশগুপ্ত . 
শ্রী দেবাশিস গুপ্ত . 
শ্রী অনীশ দেব .  
শ্রী অর্ণব দাস . 
শ্রী সন্তু বাগ . 
শ্রী শিশির বিশ্বাস . 
শ্রী দেবাশিস মুখোপাধ্যায় .  
শ্রী সুরজিৎ দাস  
সহ বহু ফেসবুক-বন্ধু ।

==========================================================================

১ লা জানুয়ারি ২০১৬ ।

‘মনোরঞ্জন মিউজিয়ম’ ব্লগোদ্ঘাটনের ক্ষণে এঁদের সবার প্রতি ঋণ স্বীকার করছি ।
আপনাদের উৎসাহেই এই অকিঞ্চিৎকর কাজকে একটি আপাত-স্থায়ী চেহারা দেওয়ার অক্ষম চেষ্টা ।

‘মনোরঞ্জন মিউজিয়ম’ ব্লগে রইল গুচ্ছের গলদ । 

মনোরঞ্জন ভট্টাচার্য-র গ্রন্থসমূহের আদি প্রচ্ছদ-অলংকরণ কিছুই প্রদর্শিত হল না ।
জানানো গেল না ‘সম্পাদক’ আর ‘নিখিল বঙ্গ জীবনী সঙ্ঘ’ গল্পদ্বয়ের প্রথম প্রকাশ তথ্য । 
মনোরঞ্জন-রচনার কোন প্রামাণ্য তালিকাও প্রস্তুত করতে আমরা ব্যর্থ । 
প্রদর্শিত প্রাচীন ফটোগুলির মান রীতিমত খারাপ ।
গবেষণার গন্ধ, বিশ্লেষণের লেশ এই ব্লগে গরহাজির ।
বিশ্রী বিন্যাস, বিচিত্র বানান, বিদঘুটে বাংলার প্রসঙ্গ বাদই দিলাম ।

সব জেনেশুনে কেন এমন বিকলাঙ্গ বিকৃত ব্লগ বানানো ?

আমা-হেন অশিক্ষিত অলসকে সরিয়ে যোগ্য গবেষকগণ যাতে অনুপ্রাণিত হন এই ধরনের কাজে অগ্রসর হতে ।
বাংলা শিশু-কিশোর সাহিত্যের স্রষ্টা ও চিরকালীন চরিত্রদের নিয়ে তাঁরা গড়ে তুলুন দৃষ্টিনন্দন পূর্ণাঙ্গ ব্লগ / ওয়েবসাইট ।

সেদিন ‘মনোরঞ্জন মিউজিয়ম’ বা ‘ঘনাদা গ্যালারি’-র মত হাস্যকর প্রয়াস ই-ডাস্টবিনে বিলীন হবে ।

ব্যাস । ব্লগাড়ম্বর বন্ধ । বিদায় ।

Hukakashi




হুকাকাশি

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।

From the 'Manoranjan Museum' blog.

বিভাস চক্রবর্তী নির্মিত দূরদর্শন ধারাবাহিকে হুকাকাশি-র ভূমিকায় রমাপ্রসাদ বণিক (১৯৯৩) ।
গল্প : ‘তের নং বাড়ীর রহস্য’ ।

১৯২৮ । ছোটদের গোয়েন্দা-কাহিনির আদি যুগ চলছে । প্রচলিত রগরগে রহস্য রোমাঞ্চের রাস্তা এড়িয়ে গেলেন মনোরঞ্জন ।
কলকাতার ডাফ স্ট্রীট নিবাসী জাপানী হুনুর হুকাকাশি পোয়ারো-পন্থী । মগজের ধূসর কোষ খাটিয়ে কাজ হাসিল করেন ।
অকারণে না ফোলান পেশি, না পোষেন পিস্তল । তবে প্রয়োজনে স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচেও তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে সক্ষম ।
খেলোয়াড়-সাকরেদ রণজিৎ-এর মত আমরাও তাঁর খেল দেখে অবাক মানি ।

হুকাকাশি পর্যায়ের প্রথম রচনা ‘পদ্মরাগ’ । 'রামধনু' পত্রিকায় ধারাবাহিক প্রকাশকালে তাঁর আবির্ভাব তৃতীয় কিস্তিতে (আশ্বিন ১৩৩৫) ।
এই সংখ্যায় ‘হুকাকাশি’ লেখা হলেও, পরবর্তী কিস্তি এবং অন্যান্য কাহিনিতে সাধারণত ‘হুকা-কাশি’ বানান ব্যবহৃত হয় ।
বর্তমান ব্লগে প্রথমটিই অনুসৃত হবে ।

এই বিচিত্র চরিত্রের জন্মকথা ও নামকরণের একটি সংক্ষিপ্ত বিবরণ মেলে 'রামধনু'
-র পাতায়, 
ননীগোপাল মজুমদার-এর ‘আমাদের মনোরঞ্জন’ নিবন্ধে ।


স্বল্পায়ু স্রষ্টা খুব বেশি হুকাকাশি লিখে যেতে পারেননি ।
প্রথম প্রকাশ অনুসারে আটটি কাহিনি হল -
'পদ্মরাগ' (উপন্যাস) - 'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, শ্রাবণ ১৩৩৫ থেকে মাঘ ১৩৩৬, মোট ১৭ টি কিস্তিতে
'ঘোষ চৌধুরীর ঘড়ি' (উপন্যাস) - 'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, আশ্বিন ১৩৩৭ থেকে আশ্বিন ১৩৩৮, মোট ১১ টি কিস্তিতে
'সোনার হরিণ' (উপন্যাস) - 'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, মাঘ ১৩৪১ থেকে জ্যৈষ্ঠ ১৩৪৪, মোট ২৬ টি কিস্তিতে
'শান্তি-ধামের অশান্তি' (ছোটগল্প) - 'রামধনু', অগ্রহায়ণ ১৩৪৩, 'সোনার হরিণ'-এর কিস্তি # ২০-র পাশাপাশি
'তের নং বাড়ীর রহস্য' (ছোটগল্প) - 'রামধনু', শ্রাবণ ১৩৪৪
'হীরক-রহস্য' (ছোটগল্প) - 'রামধনু', কার্ত্তিক ১৩৪৪
'চণ্ডেশ্বরপুরের রহস্য' (ছোটগল্প) - 'রামধনু', মাঘ ১৩৪৪
'সংসক্তপুরের রহস্য' (ছোটগল্প) - সুনির্মল বসু সম্পাদিত 'আরতি' বার্ষিকী, ১৯৩৮

'মনোরঞ্জন মিউজিয়ম'
-এ প্রদর্শিত হচ্ছে হুকাকাশি-কাহিনির সঙ্গে প্রথম প্রকাশিত যাবতীয় অলংকরণ ।

প্রসঙ্গত, ফণীভূষণ গুপ্ত প্রমুখ শিল্পীদের আঁকা এই সব কাহিনির মূল অলংকরণ থেকে কিন্তু হুকাকাশি
-র কোন 'মার্কামারা' মূর্তি বেরিয়ে আসে না, 
যেমনটা ঘটেছে পরে ঘনাদা বা ফেলুদা-র ক্ষেত্রে ।